দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ২০২৭ সালের শুরুতে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
তিনি বলেন, শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখা তাদের অনলাইনে নিরাপদ রাখার সবচেয়ে কার্যকর উপায় এবং এটি যুক্তরাজ্যের জন্য সঠিক পদক্ষেপ।
সরকার জানিয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে স্ন্যাপচ্যাট, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব ও এক্স (সাবেক টুইটার)-সহ বিভিন্ন প্ল্যাটফর্ম। তবে চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ করা হয়নি।
সরকারের ভাষ্য অনুযায়ী, যেসব প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য সামাজিক যোগাযোগ তৈরি করা এবং ব্যবহারকারীদের কনটেন্ট প্রকাশের সুযোগ দেওয়া, সেগুলোর ওপর এ বিধিনিষেধ প্রযোজ্য হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী ১৬ বছরের কম বয়সীদের লাইভস্ট্রিমিং সুবিধা বন্ধ করতে হবে। একই সঙ্গে গেমিং প্ল্যাটফর্মগুলোও এর আওতায় আসবে।
এ ছাড়া অপরিচিত ব্যক্তিরা যেন শিশুদের সঙ্গে যোগাযোগ করতে না পারেন, সে জন্য সংশ্লিষ্ট ফিচারগুলোও নিষ্ক্রিয় রাখা হবে। ১৭ বছর বয়সীদের ক্ষেত্রেও নিরাপত্তা-সংক্রান্ত বিধিনিষেধ ডিফল্টভাবে চালু থাকবে, যাতে ১৬ বছর পার হওয়ার সঙ্গে সঙ্গে নতুন কোনো ঝুঁকি তৈরি না হয়।
সরকার আরও জানিয়েছে, ১৮ বছরের কম বয়সীদের জন্য রাতের বেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সময়সীমা বা কারফিউ নির্ধারণ এবং অবিরাম স্ক্রলিং সীমিত করার বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে আগামী জুলাইয়ে বিস্তারিত জানানো হবে।
একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘রোমান্টিক কম্প্যানিয়ন’ চ্যাটবট ব্যবহারের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ১৮ বছর নির্ধারণ করা হবে। এসব চ্যাটবট ব্যবহারকারীদের সঙ্গে যৌন সম্পর্ক বা রোলপ্লে-ভিত্তিক যোগাযোগের উদ্দেশ্যে তৈরি।
সরকার জানিয়েছে, সামগ্রিকভাবে এআই চ্যাটবটগুলোকে ১৮ বছরের কম বয়সীদের জন্য অন্তরঙ্গ ফিচার সীমিত করতে হবে।
তবে হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের মতো মেসেজিং সেবাকে এই নিষেধাজ্ঞার আওতায় আনার কোনো পরিকল্পনা নেই।
বর্তমানে অধিকাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম বয়সসীমা ১৩ বছর।
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, বড়দিনের আগেই এ-সংক্রান্ত আইন পাস করার পরিকল্পনা রয়েছে, যাতে ২০২৭ সালের শুরুতে তা কার্যকর করা যায়।
তিনি বলেন, ‘এটি আমাদের শিশুদের আরও নিরাপদ করবে। তাদের আরও সুখী করবে এবং বেড়ে ওঠার জন্য বেশি সময়, নিরাপত্তা ও স্বাধীনতা দেবে।’
সরকারের এ সিদ্ধান্ত একটি জনমত যাচাইয়ের পর নেওয়া হয়েছে। এতে এক লাখ ২০ হাজারের বেশি মতামত জমা পড়ে।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মধ্যে থাকবে ফেস স্ক্যান, পরিচয়পত্র যাচাইসহ নির্ভুল বয়স শনাক্তকরণ পদ্ধতি।
এ ছাড়া ১৬ বছরের বেশি বয়সীদের পরিচয় যাচাইয়ের কার্যকর উপায় খুঁজে বের করতে দেশটির নিয়ন্ত্রক সংস্থা অফকমকে দ্রুত একটি সমীক্ষা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এমএস/